ভাওয়াইয়া মুকুট অনন্ত কুমার দেব: জীবনভর সাধনায় সমৃদ্ধ করেছেন উত্তরাঞ্চলের লোকসংগীত
উত্তরাঞ্চলের লোকসংগীতের ইতিহাসে কিছু মানুষ আছেন, যাঁরা কেবল শিল্পী নন, একটি জনপদের ভাষা, সংস্কৃতি, জীবনবোধ ও ঐতিহ্যের ধারক। তাঁদের কণ্ঠে ফুটে ওঠে নদী, মাঠ, ঘাট, কৃষক, রাখাল, প্রেম, বিরহ আর মাটির মানুষের সুখ-দুঃখের গল্প। এমনই একজন নিবেদিতপ্রাণ শিল্পী, গবেষক, গীতিকার ও সুরকার ছিলেন অনন্ত কুমার দেব। দীর্ঘ চার যুগেরও বেশি সময় ধরে সংগীতসাধনা, লোকজ গান সংগ্রহ, গবেষণা এবং নতুন শিল্পী তৈরির মধ্য দিয়ে তিনি উত্তরাঞ্চলের ভাওয়াইয়া সংগীতকে সমৃদ্ধ করেছেন। জীবদ্দশায় শিষ্য ও ভক্তদের দেওয়া ‘ভাওয়াইয়া মুকুট’ উপাধি তাঁর শিল্পীজীবনের প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার স্বীকৃতি হয়ে থাকবে। ২০২৬ সালের ২৬ জানুয়ারি সোমবার দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী শিল্পী। তাঁর মৃত্যুতে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে গভীর শোকের ছায়া। একজন শিল্পীর বিদায়ের মধ্য দিয়ে হারিয়ে যায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, সংগীতচর্চা ও লোকঐতিহ্য সংরক্ষণে নিবেদিত এক সাধকের জীবন্ত উপস্থিতি। তবে তাঁর সৃষ্টি, সাধনা ও রেখে যাওয়া সাংস্কৃতিক উত্তরাধিকার তা...